
ফাইল ছবি
নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে। আজ রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত শিক্ষার্থীরা হলো— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। তারা সবাই পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য অজু করতে ওজুখানায় বের হয় মাদ্রাসার ছাত্ররা। এ সময় হঠাৎ ওজুখানার ওপর তীব্র বজ্রপাত হলে ৪ জন ছাত্র মারাত্মকভাবে ঝলসে গিয়ে আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত পাশের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, “বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় বজ্রপাতে ৪ ছাত্র আহত হয়। পরে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম গভীর শোক প্রকাশ করেছেন। এই মর্মান্তিক ঘটনায় মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।