
সংগৃহীত ছবি
চলতি বিশ্বকাপে রূপকথার গল্প লিখেই চলেছে নবাগত কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা করে আরও এক চমক দেখিয়েছে দলটি।
সোমবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২১ মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় কেপ ভার্দে। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৪৪ মিনিটে মেক্সিমিলিয়ানো আরাহো সমতা ফেরানোর পর যোগ করা সময়ে আগুস্তিন কানোবিও গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে হেলিও ভারেলার গোলে আবারও ম্যাচে সমতা ফেরায় কেপ ভার্দে। এরপর উরুগুয়ে জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি। ৭০ মিনিটে তাদের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়।
এই ড্রয়ে ‘এইচ’ গ্রুপের সমীকরণ আরও জমে উঠেছে। শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে, আর কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। স্পেনের কাছে উরুগুয়ে হারলে সৌদি-কেপ ভার্দে ম্যাচের বিজয়ী দল নকআউট পর্বে উঠবে। আর সেই ম্যাচ ড্র হলে ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করবে কেপ ভার্দে।