
ফাইল ছবি
সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারি বর্ষণের সতর্ক বার্তার মধ্যেই আজ সোমবার (২২ জুন) সকালের মধ্যে ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল রবিবার (২১ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সক্রিয় লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও আজ সন্ধ্যা পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।