
পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়
মালয়েশিয়ায় সরকারি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন দেখা যায়। ভোজের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মালয়েশিয়ার শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণ। তারা বাংলাদেশের জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’-এর সঙ্গে নৃত্য পরিবেশন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁদের সহধর্মিণীরা পরিবেশনাগুলো উপভোগ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান বাসভবন থেকে বেরিয়ে আসলে প্রবেশপথের দুই পাশে অবস্থান নেওয়া মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তাঁদের স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শিশুদের সঙ্গে কথা বলেন এবং স্নেহ প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রীর বাসভবনের মূল ফটকে এসে আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী ব্যক্তিগতভাবে তারেক রহমান ও জুবাইদা রহমানকে বিদায় জানান। উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী মোটর শোভাযাত্রার মাধ্যমে কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে তাঁর নির্ধারিত কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, শিক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।