
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট। দলের এক বিদ্রোহী অংশের উদ্যোগে আয়োজিত বিশেষ বৈঠকে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে।
সোমবার কলকাতার নিউটাউনে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রায় ৬০ জন বিধায়ক ও ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের গঠনতন্ত্র অনুযায়ী ২০২২ সালের পর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়ায় সাংগঠনিক পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ধ্বনি ভোটে অরূপ রায়কে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নতুন নেতৃত্ব কাঠামোয় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ ও সাবিনা ইয়াসমিনকে সহসভাপতি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে আখরুজ্জামান আনসারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের অতীতের আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ অডিটর নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া