
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। বিশ্ববাজারের তেলের দামের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ ডলারে নেমে আসে।
অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) ক্রুডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলারে লেনদেন হয়।
মধ্যস্থতাকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী পুরোপুরি চালুর বিষয়ে দুই দেশের আলোচকরা কী সিদ্ধান্ত নেন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন বিশ্ববাজারের তেল ব্যবসায়ীরা। সিএনএনের পর্যালোচনা করা মেরিন ট্রাফিকের উপাত্ত অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ওই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কিছুটা বেড়েছে।
গত রোববার সুইজারল্যান্ডে দুই দেশের বৈঠক শেষে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানায়, ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটি বিশেষ ‘যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠা করেছে।
সংশ্লিষ্টদের মতে, এই ঘোষণার ফলে হরমুজ প্রণালীতে দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা কমে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। আর এই আশাবাদের কারণেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং তেলের দাম কমতে শুরু করেছে।
তথ্যসূত্র: সিএনএন