
ছবি: সংগৃহীত
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্ভাব্য কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ জুন) সকালে দলটির নেতাকর্মীরা এই মিছিল বের করেন।
মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে। পরে সেটি আবার একই এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন। এছাড়া ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্য স্থানীয় নেতারাও এতে অংশ নেন।
এদিকে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভোর থেকেই ৩২ নম্বর সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড ও বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে পুরো এলাকায় পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।