
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক জাকির হোসেন (৪৫) দাঁতভাঙা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২১ জুন) দিবাগত গভীর রাতে জাকির হোসেন ওই এলাকার এক প্রবাসীর বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকেই তিনি অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে জাকিরকে হাতেনাতে আটক করেন এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং উত্ত্যক্ত করতেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জাকির হোসেনের দাবি, কথা বলার জন্য তাকে সেখানে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে মারধর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, অভিযুক্ত ইউপি সদস্য ও যুবলীগ নেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।