
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের জনপ্রিয় পপ শিল্পী মেহরনিগরি রুস্তামের জনপ্রিয় গান ‘আমার বন্ধু মহাজাদু জানে’।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি প্রকাশ করা হয়। এতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, গার্ড অফ অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে।
ভিডিওজুড়ে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের কণ্ঠে গাওয়া ‘মহাজাদু’ গানটি বাজতে শোনা যায়। মাঝখানে দুই নেতার বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তও স্থান পেয়েছে।
ভিডিওর একপর্যায়ে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে দেখা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।
হাবিব ওয়াহিদ এবং মেহরনিগরি রুস্তামের ‘মহাজাদু’ গানটি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত হয়। গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফার্সি কবিতার ফিউশনে তৈরি করা। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এ গানটি হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে রোববার মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তিনি তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন।