
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৪ মাস পর আবারও দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে। এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জানিয়েছে, ক্যাপসুল সংকটের কারণে গত বছরের মার্চ মাসের পর থেকে এই ক্যাম্পেইন বন্ধ ছিল। দীর্ঘ ১৪ মাস পর আবার এই কার্যক্রম চালু হচ্ছে। এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে দেশজুড়ে ১ লাখ ২০ হাজার নিয়মিত ইপিআই কেন্দ্রের পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন ও বাসস্টেশনের মতো জনবহুল জায়গায় আরও ৫০০টি মোবাইল কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া দুর্গম অঞ্চলের বাদ পড়া শিশুদের জন্য ক্যাম্পেইন পরবর্তী চারদিন বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওয়ানোর বিশেষ ব্যবস্থা থাকবে।
২৮ জুন সকালে রাজধানীর শাহবাগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে অভিভাবকদের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।