
ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি। কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২৪ জুন) এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, পে-স্কেল বাস্তবায়নের ধাপ নির্ধারণ, ভাতা বৃদ্ধি, বেতন বৈষম্য নিরসন এবং কারিগরি ও আইনি জটিলতা দূরীকরণসহ নানা বিষয়ে এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের চিন্তাভাবনা করা হলেও, কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এটি দুই ধাপে করা যায় কিনা তা নিয়ে আলোচনা হবে। দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন হলে আগামী ১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন (বেসিক) বৃদ্ধি পাবে।
সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর হলেও আইনি ও কারিগরি প্রক্রিয়া শেষ করে টাকা হাতে পেতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
ব্যয় নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় নিম্ন আয়ের কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন যতটা বৃদ্ধি করা হবে, তার ৪০ শতাংশ আগামী অর্থবছরে কার্যকর করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির ৬০ শতাংশ প্রথম ধাপে কার্যকর হতে পারে। সেই সঙ্গে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার বিষয়টিও এই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে।
এছাড়াও নতুন পে-স্কেলের জটিল হিসাব-নিকাশ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইবাস++’ (iBAS++)-এর মাধ্যমে সহজ ও দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে এবং আইনি ভেটিংয়ের মাধ্যমে পূর্বের বিধিমালা সংশোধনের বিষয়টিও চূড়ান্ত করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বুধবার সচিব কমিটির এই সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে পে-স্কেলের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সচিবালয়ে অনুষ্ঠেয় তাঁর নেতৃত্বাধীন এই বৈঠকে কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ১৮ জুন অনুষ্ঠিত বৈঠকে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়েছিল।