
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি বিশেষ ভিডিওতে ব্যবহার করা হয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘মহাজাদু’ গানটি। তবে এই ভিডিওতে নিজের গান ব্যবহারের বিষয়টি আগে থেকে একদমই জানতেন না হাবিব। হঠাৎ করেই ভিডিওটি দেখে রীতিমতো বিস্মিত ও চমকিত হয়েছেন এই তারকা।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতদের পাঠানো একের পর এক লিংক দেখতে পান হাবিব। পরে কৌতূহলবশত লিংকটি খুলে ভিডিওতে নিজের গান শুনতে পেয়ে অবাক হয়ে যান তিনি।
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হাবিব ওয়াহিদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো এত গুরুত্বপূর্ণ একটি ভিডিওচিত্রে আমার গান ব্যবহার করা হয়েছে, এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের বিষয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মতো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরের ভিডিওতে নিজের গান জায়গা পাওয়ায় আমি সত্যিই অনুপ্রাণিত।”
তবে গানটি ব্যবহারের আগে কোনো পক্ষ থেকেই তাঁর সাথে যোগাযোগ করা হয়নি জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, “কেউ আমার সঙ্গে এটা নিয়ে আগে থেকে কোনো কথাও বলেনি, আমি নিজেই ভিডিওটি দেখে অবাক হয়েছি।” ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কেন ‘মহাজাদু’ গানটিকেই বেছে নেওয়া হলো, সেটির কারণ তাঁর জানা নেই। তবে হাবিবের ধারণা, ভিডিওর সাথে সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই তাঁরা এটি আবহসংগীত হিসেবে ব্যবহার করেছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেললেও হাবিব নিজে ফেসবুকে খুব একটা সক্রিয় নন। তিনি জানান, মোবাইলে নিয়মিত ফেসবুক ব্যবহার না করায় সরাসরি নেটিজেনদের প্রতিক্রিয়া দেখতে পাননি, তবে পরিচিতদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়ো পাওয়ার কথা শুনেছেন। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ না থাকায় পুরো ঘটনাটি তাঁর কাছে আরও বেশি বড় চমক হিসেবে এসেছে।
নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে হাবিব জানান, এখন নতুন নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ‘প্রেমের কলঙ্ক’ গানটি শ্রোতাদের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে এবং বর্তমানে সেটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
ভিজুয়াল স্টোরি