
ফাইল ছবি
একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোন কর্মকাণ্ড মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (২৪ জুন) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
রিজভী বলেন, আশা করি চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। এ সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
তিনি দাবি করেন, বর্তমানে দেশে গুম নেই, ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে। আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান রিজভী।