
কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সুসংহত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সম্পর্ক উন্নয়নের এই ধারাবাহিকতায় দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা এবং কাজাখস্তানের রাজধানী আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত পোষণ করেন।
এ ছাড়াও উভয় দেশের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক গভীর করা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে যৌথ মত প্রকাশ করেন দুই নেতা।
বৈঠককালে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। দুই দেশের সরকারপ্রধানের এই আলাপে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো এবং যৌথ বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা নিয়ে তারা বিস্তারিত কথা বলেন।
এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে, পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেয় কাজাখস্তান। এই বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন কাজাখ প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাবে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে কাজাখস্তানের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।