
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান || ফাইল ছবি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করতে পারত। পাকিস্তান সফরকালে তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতাই দেশটিকে বহিরাগত হুমকি থেকে সুরক্ষা দিচ্ছে।
গাজায় চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে শত্রুরা ইরানের শিশু, নারী কিংবা বৃদ্ধ কাউকেই রেহাই দিত না। তিনি জোর দিয়ে বলেন, আত্মরক্ষার সক্ষমতার প্রশ্নে তেহরান কোনো ধরনের আপস করবে না। খবর আল-আরাবিয়ার।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে মঙ্গলবার ইসলামাবাদে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট। রাওয়ালপিন্ডির নূর খান বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমীরি মোগাদ্দামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।।
পেজেশকিয়ানের ভাষ্য, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ইরানের প্রধান প্রতিরক্ষা শক্তি। এ সক্ষমতা না থাকলে দেশের পরিস্থিতি গাজার চেয়েও ভয়াবহ হতে পারত। তাই ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় বা সমঝোতার সুযোগ নেই বলেও স্পষ্ট জানান তিনি।