
ছবি: সংগৃহীত
চলমান বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ বুধবার (২৪ জুন) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) দিয়ে ঢাবির স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো সাধারণ যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।
তবে জরুরি সেবা যেমন—অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং বাহন, খাবার ও অনলাইন শপিংয়ের গাড়ি এবং অন্যান্য সরকারি জরুরি যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহন প্রবেশ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের মতামত, পরামর্শ ও বাস্তব অবস্থার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাবি কর্তৃপক্ষ।