
বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব
সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে সাদা কাগজে স্বাক্ষর (সই) কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে বিশেষ সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজ বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে কর্মরত কোনো প্রবাসী যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ কিংবা নির্দেশনায় কোনো ফাঁকা বা সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর অথবা টিপসই না দেন। এই ধরনের অসতর্কতামূলক কর্মকাণ্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
দূতাবাস জানায়, সাদা কাগজে সই বা টিপসই নেওয়ার মাধ্যমে অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র প্রস্তুত, অবৈধ লেনদেনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। এর ফলে সংশ্লিষ্ট প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে মারাত্মক ফৌজদারি মামলা, বড় ধরনের আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য কঠিন আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন।
এই পরিস্থিতিতে যেকোনো লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার ভেতরের মূল বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে এবং ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।