
বিশ্বব্যাপী ৪০০ কোটির বেশি আয় করে আলোচনায় থাকা ‘পেড্ডি’ ছবির প্রচারণা অনুষ্ঠানে সহশিল্পী জাহ্নবী কাপুর, পরিচালক বুচি বাবু সানা এবং স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন অভিনেতা রামচরণ।
মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রামচরণ বলেন, ‘সুলতান’ ও ‘দঙ্গল’-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে স্পোর্টস ড্রামার জন্য নতুন পথ তৈরি করেছেন সালমান খান ও আমির খান। তাঁদের সাফল্য থেকেই নির্মাতারা এমন গল্প নিয়ে কাজ করার সাহস পেয়েছেন।
এ সময় জাহ্নবী কাপুরের পরিশ্রম ও নিষ্ঠারও ভূয়সী প্রশংসা করেন তিনি। রামচরণের ভাষ্য, দীর্ঘ শুটিংয়ে জাহ্নবী নীরবে নিজেকে প্রস্তুত করেছেন এবং অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁকে ‘ছুপা রুস্তম’ আখ্যা দিয়ে অভিনেতা বলেন, এত পরিশ্রমী মানুষ তিনি খুব কমই দেখেছেন।
ছবির নির্মাণপ্রক্রিয়া নিয়ে রামচরণ জানান, পরিচালক বুচি বাবু সানার গল্প বলার ধরন ও আত্মবিশ্বাস তাঁকে ছবিটিতে কাজ করতে অনুপ্রাণিত করেছে। তাঁর মতে, ‘পেড্ডি’ মূলত একজন মানুষের নিজের পরিচয় খুঁজে পাওয়ার আত্মঅন্বেষণের গল্প।

অন্যদিকে জাহ্নবী কাপুর বলেন, প্রায় দুই বছর ধরে ছবিটি নিয়ে কাজ করতে গিয়ে পরিচালকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। পরিচালকও জাহ্নবীর নিষ্ঠার প্রশংসা করে বলেন, ছবিটির জন্য তিনি একাধিক দায়িত্ব একাই সামলেছেন।
বুচি বাবু সানা পরিচালিত ‘পেড্ডি’তে রামচরণ ও জাহ্নবীর পাশাপাশি অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, বোমান ইরানি ও রজতাভ দত্ত। হিন্দি ও তেলুগুসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।