
সংগৃহীত ছবি
প্রায় ১৪ মাস বিরতির পর আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জানিয়েছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। এ জন্য দেশজুড়ে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
দুর্গম এলাকার শিশুদের আওতায় আনতে ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০ ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইনের পর আরও চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে পৌঁছে গেছে এবং সফল বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তিনি অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।
রাজধানীর শাহবাগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের সূচনা করবেন। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।