
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই প্রলয়ঙ্করী দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পুরো ভেনেজুয়েলা তীব্র কম্পনে কেঁপে ওঠে। প্রথমে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল দেশটির ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে। এর মাত্র এক মিনিট পর একই এলাকায় আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। পরপর দুটি বড় ঝটকা আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে।
শক্তিশালী এই ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য বহুতল ভবন ও ঘরবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। কম্পন শুরু হওয়া মাত্রই আতঙ্কিত লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় ও খোলা স্থানে আশ্রয় নেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই উপদ্রুত ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং বিদ্যুৎ ও রাস্তাঘাটের ব্যাপক অবকাঠামোগত ক্ষতির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়।
ভেনেজুয়েলা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।