
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দলের রাজনৈতিক ইতিহাসে এটিই প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই চুক্তিটি সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং।
ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও সেখানে উপস্থিত ছিলেন।
দুই দলের মধ্যে এই প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘটনাটি বাংলাদেশ ও চীনের মধ্যকার রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।