
ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও উপসর্গসহ নতুন আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫ জনে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৫ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। ফলে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৯৮ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ৫২ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮৯৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫ জন।
এ সময়ে নতুন করে ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।