
ফাইল ছবি
দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়ে রেমিট্যান্স বা প্রবাস আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি জুন মাসের প্রথম ২৪ দিনেই দেশে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান প্রবাস আয়ের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের জুন মাসের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে চলতি মাসে প্রবাস আয় প্রবাহে বেশ ভালো প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই রেমিট্যান্স প্রবাহ ১৭ দশমিক ৭০ শতাংশ বেশি।
চলতি বছরের শুরু থেকেই প্রবাসী আয়ের গতি ঊর্ধ্বমুখী লক্ষ করা গেছে। এর আগে গত মে মাসে দেশে এসেছিল মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। তার আগে এপ্রিলে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে যেকোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বাজারের কাছাকাছি নিয়ে আসা এবং প্রবাসীদের উৎসাহিত করার নানা উদ্যোগের ফলেই বৈধ পথে রেমিট্যান্স আসার এই ধারাবাহিকতা বজায় রয়েছে।