
নিহত হৃদয় মিয়া
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. হৃদয় মিয়া (৩০) নামে এক প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া ওই গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হৃদয় প্রথম স্ত্রী ও এক সন্তান রেখে প্রবাসে থাকাকালীন সময়ে দ্বিতীয় বিয়ে করেন। কিছুদিন আগে তিনি ছুটিতে দেশে ফেরেন। এরপর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার শুরু করতে চাইলে পারিবারিকভাবে নানা জটিলতা ও কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে তীব্র হতাশা থেকে হৃদয় মিয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় হৃদয় মিয়া ঘরের ভেতর গলায় ফাঁস দেন। পরবর্তীতে টের পেয়ে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই মৃত্যুর ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।