
কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক ইতিহাসে বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ কোরিয়া। গতকাল কোরীয় সময় রাত ৮টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে কোরিয়া আবহাওয়া প্রশাসন জানিয়েছে। রিখটার স্কেলে ৫.৮ মাত্রার এ ভূমিকম্পে কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রাত ৭টা ৪৪ মিনিটে ৫.১ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল সিউল থেকে ৩৭১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রাচীন নগরী খিয়ংজুর ৯ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের পর স্থানীয় সময় মধ্যরাতে চারটি পরমাণু চুল্লি বন্ধ করে দিয়েছে দেশটির হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার।
আজ মংগলবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভুমিকম্পে খিয়ংজুতে ২১ জন আহত হয়েছে। এছাড়া বাড়িঘর, কারখানা, দোকানপাট, গাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খিয়ংজুতে। এখন পর্যন্ত ৬৪টি বিল্ডিং এ দেয়ালে ফাটলের খবর পেয়েছে খিয়ংজু প্রশাসন। খিয়ংজু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন ভবন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে।

গুরুত্বপূর্ণ স্থাপনা পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে খিয়ংজু স্থানীয় সরকার
কয়েকদিন আগে উত্তর কোরিয়া পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালে কেঁপে ওঠে কোরিয়া উপদ্বীপ। এরআগে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের পূর্বাঞ্চলে ১৯৮০ সালে সর্বোচ্চ ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল কোরিয়া উপদ্বীপ।