সিউল, ১ এপ্রিল ২০১৪:
দেশের চার বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাড়াতে সহায়তা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এজন্য সরকারের সঙ্গে জাইকার ১৮৩ কোটি টাকার একটি চুক্তি সই হয়েছে। গতকাল রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা চুক্তিতে সই করেন।
ইমপ্রুভমেন্ট অব এয়ারপোর্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম প্রকল্পে প্রায় ১৮৩ কোটি টাকা অনুদান দিয়েছে সংস্থাটি। এ প্রকল্পের আওতায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন করা হবে। চারটি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ ও চলাচল নিরাপত্তা ব্যবস্থার (সিএনএস) উন্নয়ন এবং আধুনিকায়ন এ প্রকল্পের মূল উদেশ্য। এ লক্ষ্যে চারটি বিমানবন্দরে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বেবিচক কার্যালয় ও বিমান চলাচল প্রশিক্ষণ কেন্দ্রেরও আধুনিকায়ন করা হবে। সূত্রঃ বণিকবার্তা।