
চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য শর্ত আরও সহজ করা হয়েছে। ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসার আবেদনকারীদের জন্য আপাতত ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এ সুবিধা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। কারণ এসব ভিসায় চীনে প্রবেশের পর সংশ্লিষ্টদের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়।