
ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর আবেগঘন বার্তায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৪ মে) প্রাথমিক ফলাফলের প্রবণতায় বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের এই নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” তিনি এই জয়কে জনগণের শক্তির প্রতিফলন এবং দলের সুশাসনের প্রতি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের জনগণ যে অভূতপূর্ব জনসমর্থন দিয়েছে, তার মর্যাদা রক্ষা করা হবে। জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, উন্নয়ন, সুযোগ ও সম্মান নিশ্চিত করতে বিজেপি সরকার সর্বাত্মক চেষ্টা করবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৫ আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠনের পথে এগিয়েছে দলটি।