রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
শেয়ার

শহীদ মিনারে ফুল ‍দিলেন জামায়াত আমির, বেদিতে দাঁড়িয়ে দোয়া


Jamat-Amir

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো দলীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোট রাত ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করে।

এ সময় সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত ও এটিএম আজহারসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন।

জানা গেছে, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়নি—এবারই প্রথম।

এর আগে রাত ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ভাষা শহীদদের স্মরণে দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।