
হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছয় মাস বয়সী শিশু নূর নাহারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন ডা. জুবাইদা রহমান। গণমাধ্যমে শিশুটির সংকটাপন্ন অবস্থা ও পরিবারের আর্থিক অসহায়ত্বের খবর প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি নূর নাহারের চিকিৎসা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
জানা গেছে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ডা. জুবাইদা রহমান বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিএনপি পরিবারকে। এর ধারাবাহিকতায় বুধবার বিকেলে সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়।
প্রতিনিধি দল জানিয়েছে, নূর নাহারের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
প্রকাশিত তথ্যমতে, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ছয় মাস বয়সী মেয়ে নূর নাহার দীর্ঘদিন ধরে জ্বর, কাশি, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছিল। পরে তার শরীরে হাম ও নিউমোনিয়া শনাক্ত হয়। গুরুতর অসুস্থ শিশুটির ওজন কমে মাত্র ৩ কেজিতে নেমে এসেছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
চরম আর্থিক সংকটের মধ্যে একাই মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মা স্বর্ণা আক্তার। হাসপাতালের খরচ জোগাতে তিনি প্রতিবেশীদের কাছ থেকে ধার পর্যন্ত করেছেন। অর্থাভাবে একপর্যায়ে চিকিৎসা মাঝপথে বন্ধ করেও ফিরতে হয়েছিল বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।









































