
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান যে, স্থানীয় সরকার নির্বাচনে লড়ার জন্য তাদের কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল, যেখান থেকে যাচাই-বাছাই শেষে এই ১০০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী ঘোষণার এই প্রক্রিয়া এখানেই শেষ হচ্ছে না বরং আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এনসিপি বিশেষ কিছু সতকর্তা অবলম্বন করছে। সারজিস আলম স্পষ্টভাবে জানিয়েছেন যে, শুধু এনসিপির নেতা-কর্মী নয়, বরং অন্য রাজনৈতিক দলের সৎ, পরিশ্রমী এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের জন্যও তাদের দুয়ার খোলা রয়েছে। তবে শর্ত হলো, তাদের বিরুদ্ধে মানুষের ওপর জুলুম করার কোনো অভিযোগ থাকা চলবে না এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে সরাসরি কোনো অপরাধমূলক সম্পৃক্ততা থাকা যাবে না। সবদিক বিবেচনা করে যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টি।










































