
তরুণ উদ্যোক্তা ফায়েজ বেলাল
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ তরুণ নেতৃত্বের স্বীকৃতি ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬-এর বিচারক প্যানেলের লিড জাজ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ফায়েজ বেলাল।
প্রয়াত ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস ডায়ানা-র স্মরণে প্রতিষ্ঠিত ডায়ানা অ্যাওয়ার্ড ২৫ বছরের কম বয়সী তরুণদের জন্য বিশ্বের অন্যতম সম্মানজনক স্বীকৃতি। সমাজে ইতিবাচক পরিবর্তন ও নেতৃত্বের জন্য এ পুরস্কার দেওয়া হয়। প্রিন্সেস ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এ উদ্যোগের সঙ্গে যুক্ত।
২০২২ সালে ডায়ানা অ্যাওয়ার্ড অর্জনকারী ফায়েজ ২০২৪ সালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তাকে বিচারক প্যানেলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বছরের পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শেষ হয়েছে গত ৩১ অক্টোবর, আর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী নভেম্বরে।
এ বিষয়ে ফায়েজ বলেন, ‘নেতৃত্বের মূল পরিচয় বয়সে নয়, বরং পরিবর্তন আনার চিন্তা ও তা বাস্তবায়নের সক্ষমতায়।’ তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের তরুণরা আগামী দিনে বিশ্বমঞ্চে আরও বড় অবদান রাখবে।
ফায়েজ বাংলাদেশ ইয়ুথ সোসাইটি (বিওয়াইএস)-এর প্রতিষ্ঠাতা ও বিওয়াইএস ভেঞ্চারস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি তিনি জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি)-এর গ্লোবাল ইয়ুথ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য।
২০১৪ সালে বরিশাল থেকে বিওয়াইএস প্রতিষ্ঠার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় ১০ হাজার সদস্যের সংগঠনটি যুব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন ও এসডিজি বাস্তবায়নে কাজ করছে। সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে গত ১২ বছরে প্রায় ১০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
নিজের অর্জন প্রসঙ্গে ফায়েজ বলেন, ‘এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের তরুণদের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি।’
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস












































