রবিবার । জুন ২১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২১ জুন ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী


Shahbaz Sharif

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্য কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে রোববার সকালে সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শাহবাজ শরিফের সঙ্গে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও রয়েছেন। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনায় তারা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন।

আলোচনায় ইরান, কাতার ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। গত বুধবার ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে মুখোমুখি হচ্ছে বিরোধে জড়িত পক্ষগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা হয়েছে, তার বাস্তবায়নে পাকিস্তান সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।’

আলোচনার ফাঁকে শাহবাজ শরিফ ইরান, কাতার, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকও করতে পারেন। এসব বৈঠকে আঞ্চলিক শান্তি, সংলাপ এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার পর সুইজারল্যান্ডে সরাসরি আলোচনার পথ প্রশস্ত হয়।

মূলত শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল এবং এর মাধ্যমে ৬০ দিনের আলোচনাপর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় তা স্থগিত করা হয়।

এর আগে ৮ এপ্রিল যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পর ১২ ও ১৩ এপ্রিল পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠকের আয়োজন করেছিল। ১৯৭৯ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটিই ছিল তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ।