শনিবার । জুন ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ জুন ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
শেয়ার

খেলাধুলার পাশাপাশি সব বিষয়ে দক্ষ নতুন প্রজন্মই গড়বে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষার্থীদের শুধু খেলাধুলায় নয়, পড়াশোনা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খেলাধুলার পাশাপাশি সব বিষয়ে পারদর্শী হলেই একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাতেও বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গান, চিত্রাঙ্কন, কোরআন তিলাওয়াতসহ শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ হিসেবে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও সংস্কৃতি চর্চায়ও সমান গুরুত্ব দিতে হবে। তার ভাষায়, ভবিষ্যতে মেসি, রোনালদো কিংবা এমবাপ্পের মতো বিশ্বমানের খেলোয়াড় বাংলাদেশের শিশুদের মধ্য থেকেই উঠে আসতে পারে। একই সঙ্গে অলিম্পিকেও দেশের সাফল্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

PM-Tareq-Rahman

প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ চালু করা হবে। তিনি শিশুদের বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির দূত হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এবারের টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই শেষে চারটি বিদ্যালয় ফাইনালে অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা খাতের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।