রবিবার । জুন ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

আগামী ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


Rain

ফাইল ছবি

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২০ জুন) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

রোববার (২১ জুন) একই ধরনের আবহাওয়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (২২ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) এবং বুধবার (২৪ জুন)ও দেশের বেশিরভাগ বিভাগে একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বুধবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনি থেকে বুধবার পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। পরবর্তী পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন গোপালগঞ্জে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।