
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভ্রমণেচ্ছুদের জন্য এলো বড় সুখবর। এখন আর ভিসা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটন (ট্যুরিস্ট) ভিসা প্রক্রিয়া সম্পন্ন করছে দেশটি। একই সঙ্গে গ্রীষ্মকালকে কেন্দ্র করে পর্যটকদের জন্য দুবাই হয়ে উঠছে তুলনামূলকভাবে দারুণ সাশ্রয়ী।
শনিবার (২০ জুন) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভিসা সহজীকরণের পাশাপাশি এই গ্রীষ্মে পর্যটকদের আকর্ষণের সবচেয়ে বড় কারণ হলো বিভিন্ন খাতে ব্যাপক মূল্যছাড়। আমিরাতের হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে এখন সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যা সামগ্রিক ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।
গ্রীষ্মের এই সময়ে আমিরাতের হোটেলগুলো সাধারণত পর্যটকদের জন্য বুকিং খরচ অনেকটাই কমিয়ে দেয়। বেশ কিছু নামী হোটেলে রুম ভাড়া এখন মাত্র ১৩৯ দিরহাম থেকে শুরু হচ্ছে। ফলে দুই রাত থাকার খরচ অনায়াসেই ৩০০ দিরহামের নিচে নেমে আসছে, যা শীতকালের পিক-সিজনের তুলনায় অনেক কম।
আরব আমিরাত ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘ডেজার্ট সাফারি’। বছরের অন্য সময়ে এর পেছনে সাধারণত ১৫০ দিরহাম বা তার বেশি খরচ হলেও, গ্রীষ্মকালীন অফারে অনেক অপারেটর এখন মাত্র ৫০ দিরহামেই এই প্যাকেজ দিচ্ছে। এছাড়া, সমুদ্রের বুক থেকে বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য জনপ্রিয় ‘জেট স্কি রাইড’-এ মিলছে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।
তীব্র গরম এড়াতে এই সময়ে থিম পার্ক, মিউজিয়াম, অ্যাকুয়ারিয়াম ও ইনডোর এন্টারটেইনমেন্ট সেন্টারগুলোতে আকর্ষণীয় অনলাইন ডিসকাউন্ট ও কম্বো টিকিট দিচ্ছে কর্তৃপক্ষ। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য ‘কিডস অফার’ ও ‘ফ্যামিলি প্যাকেজ’গুলো বেশ লাভজনক।
ভ্রমণ এজেন্টরা বলছেন—দ্রুততম সময়ে (৪৮ ঘণ্টায়) ভিসা প্রাপ্তির সুবিধা এবং থাকার ও ঘোরার খরচে বিপুল সাশ্রয় হওয়ার কারণে দুবাই ভ্রমণ এখন আগের চেয়ে অনেক বেশি সহজ ও সাধারণের নাগালের মধ্যে চলে এসেছে।









































