
ছবি: রয়টার্স
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো এসব হামলার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অবাধ তৎপরতা তারা মেনে নেবে না।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবানন ও বেকা অঞ্চলে একাধিক বিমান ও ড্রোন হামলা হয়েছে। অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনা কমাতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হলেও, তা কবে শুরু হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের আশঙ্কা, লেবাননে সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।
সূত্র: রয়টার্স








































