
যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি এই সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৮৯ জন যাত্রী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় গত শুক্রবার (১৯ জুন) বিকেল সোয়া ৫টা নাগাদ বেডফোর্ডের দক্ষিণ রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে জড়ানো দুটি ট্রেনই ছিল ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক যাত্রীর পোস্ট করা ভিডিও চিত্রে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের অংশের ভেতর ঢুকে গেছে। তবে স্বস্তির বিষয় হলো, প্রচণ্ড ধাক্কার পরও ট্রেনের বগিগুলো রেললাইন থেকে সম্পূর্ণ উল্টে যায়নি, সোজা অবস্থাতেই দাঁড়িয়ে ছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি বলেন, “যিনি প্রাণ হারিয়েছেন তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহতদের প্রতিও আমি গভীর সহানুভূতি জানাচ্ছি।”
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে বড় ধরনের তৎপরতা শুরু করে ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ২০টিরও বেশি সাধারণ অ্যাম্বুলেন্স এবং ৬টি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।
রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ২২ জন গুরুতর জখম হয়েছেন এবং বাকি ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। কীভাবে এমন বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখতে জরুরি সেবা বিভাগের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের উপপ্রধান কর্মকর্তা স্টুয়ার্ট ক্যান্ডি। ঘটনার মূল কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
এদিকে সেই দুর্ঘটনাকবলিত ট্রেনের এক যাত্রী এবং পেশায় চিকিৎসক পিটার নাপ সামাজিক যোগাযোগমাধ্যম ‘ব্লুস্কাই’-এ নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, হঠাৎ করেই তারা এক প্রচণ্ড ধাক্কা অনুভব করেন। ধাক্কার তীব্রতায় একটি বগি রেললাইন থেকে কিছুটা ছিটকে যায় এবং তিনি নিজেও এই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন।
ভিজুয়াল স্টোরি








































