শনিবার । জুন ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শেয়ার

হিন্দুদের জন্য আলাদা প্রদেশের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবীর


chaitali

ছবি: সংগৃহীত

দেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর বেশি বাড়াবাড়ি করা হলে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে হিন্দুদের জন্য আলাদা প্রদেশের দাবি তোলা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী। আজ শুক্রবার (১৯ জুন) একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী বলেন, “আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য।” তবে তারা এই ধরনের বিভাজন চান না উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সেটা চাই না। কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন, তাতে এক সময় সেটাই হবে।”

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে এই আইনজীবী বলেন, অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খৃষ্টান ও বৌদ্ধ মিলে এক সাথে ছিলাম। এখনো তেমনই থাকতে চাই।

পারস্পরিক শ্রদ্ধাবোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসবেন না। কিন্তু এমন কিছু করবেন না যাতে করে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধে।” কোনো ধরনের সংঘাতের উসকানি না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সাক্ষাৎকারের শেষাংশে চৈতালী চক্রবর্তী বলেন, “এই দাঙ্গা হলে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা দুইটা মারলে আমরাও একটা মারব।”