রবিবার । জুন ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৯ জুন ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
শেয়ার

গুলিস্তানের আবাসিক হোটেলে সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু


Dhaka Medical college

ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেলে আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ফেসবুকে পরিচয় হওয়া এক নারী বন্ধুর সঙ্গে দেখা করতে এসে আজ শুক্রবার (১৯ জুন) সকালে হোটেল রমনার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার মৃত ফেরদৌস উদ্দীনের ছেলে। তিনি চলতি মাসের ১৩ জুন সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ফেসবুকে ওই নারীর সঙ্গে আল আমিনের পরিচয় ও সখ্য গড়ে ওঠে। বৃহস্পতিবার তাদের মধ্যে দেখা করার কথা চূড়ান্ত হলে শুক্রবার সকালে ওই নারী বাগেরহাট থেকে গুলিস্তানে আসেন। পরে তারা দুজনে গুলিস্তানের হোটেল রমনার নবম তলার একটি কক্ষে ওঠেন।

ওই নারী জানান, কক্ষে কথাবার্তা বলার একপর্যায়ে আল আমিন ওয়াশরুমে যান। এর কিছুক্ষণ পর ভেতর থেকে একটি ভারী শব্দ শুনতে পেয়ে তিনি ভেতরে গিয়ে দেখেন, ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল আমিন মেঝেতে পড়ে আছেন। তার চিৎকার শুনে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ছোট ভাই রুহুল আমিন জানান, তার বড় ভাই সৌদি আরব থেকে আনা কিছু মালামাল পরিচিত একজনকে দেওয়ার জন্য ঢাকায় এসেছিলেন। পরে তারা খবর পান যে হোটেলের ওয়াশরুমে পড়ে তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য পল্টন থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।