সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ জুন ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার

রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালীর বাস ডিপো সরানোর নির্দেশ


Bus-Depot-Mohakhali

মহাখালী বাস ডিপো। সংগৃহীত ছবি

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাস ডিপো রাজধানীর বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় উল্লেখ করা হয়, রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার মধ্যে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে নগরীর যানজটের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে এসব টার্মিনালের বাস ডিপো ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক এলাকায় স্থানান্তরের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে বিভিন্ন প্রস্তাব ও করণীয় নিয়ে আলোচনা করেন।