
প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
ভারতের দিল্লি বিমানবন্দরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়ে রাষ্ট্রীয় সফর বাতিল করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কা হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নিতে ডা. জাহেদ উর রহমান রোববার ঢাকা থেকে দিল্লি যান। সূত্র জানিয়েছে, বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন তিনি।
দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষ তাকে নজরদারি তালিকার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং সরকারি সফর পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সসম্মানে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও ডা. জাহেদ উর রহমান তা প্রত্যাখ্যান করেন। আত্মসম্মান ও কূটনৈতিক প্রটোকলের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে ডা. জাহেদ উর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদা পান এবং কূটনীতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য।












































