
জাতীয় বাজেট কেবলই কোনো গাণিতিক হিসাব বা অর্থনৈতিক দলিল নয়, এর সাথে জড়িয়ে থাকে সাধারণ মানুষের দৈনন্দিন পকেট আর সংসার খরচের সমীকরণ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর আমজনতার মূল নজর ‘কীসের দাম বাড়ল আর কীসের কমল’—তার ওপর। এবারের নতুন বাজেটে সাধারণ মধ্যবিত্ত, ভোক্তা, প্রযুক্তিপ্রেমী এবং রোগীদের জন্য বড় ধরনের কিছু স্বস্তির খবর নিয়ে এসেছেন অর্থমন্ত্রী। শুল্ক-কর ও ভ্যাট হ্রাসের কারণে আগামী দিনগুলোতে বেশ কিছু পণ্য ও সেবার দাম উল্লেখযোগ্য হারে কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
রান্নাঘর ও মুদি বাজারে বড় স্বস্তি
সাধারণ মানুষের নিত্যদিনের বাজারের খরচ কমাতে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। চাল, ডাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি অতিপ্রয়োজনীয় মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর উৎসে কর কমানো হয়েছে। এর পাশাপাশি দাম কমবে শিশুখাদ্যেরও। কফিপ্রেমীদের জন্য সুখবর হলো, কফির কাঁচামাল আমদানিতে থাকা ৫ শতাংশ শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এছাড়া আমদানিকৃত সব ধরনের মসলা ও খেজুরের ওপর থেকেও ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় সাধারণ ভোক্তার কিচেন বাজেটে স্বস্তি ফিরবে।
স্বস্তিতে মধ্যবিত্তের গৃহস্থালি, কমছে রূপচর্চা ও সোনার দাম
গার্হস্থ্য জীবনে বহুল ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রীর ওপর কর ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ফলে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতে যাচ্ছে। গৃহিণীদের রান্নার অন্যতম প্রধান অনুষঙ্গ এলপিজি সিলিন্ডারের দামও কমবে। দেশীয় শিল্পকে চাঙ্গা করতে দেশে তৈরি ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের ওপর শুল্ক কমানো হয়েছে।
এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত স্কিন কেয়ার ও রূপচর্চার প্রসাধন সামগ্রী এবং নির্মাণকাজের প্রধান উপাদান সিমেন্টের দামও কমছে।
জুয়েলারি শিল্পের জন্য প্রতি ভরি স্বর্ণালংকার তৈরিতে আড়াই হাজার টাকা ভ্যাট সুনির্দিষ্ট করায় দেশের বাজারে সোনা ও সোনার গহনার দাম কমার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে।
প্রযুক্তি ও ডিজিটাল দুনিয়ায় মেগা ছাড়
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে প্রযুক্তি খাতে বিশাল করছাড়ের প্রস্তাব এসেছে। মোবাইল ফোন, ফ্রিজ, এসি, এটিএম মেশিন ও সিসিটিভি ক্যামেরার পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটর।
ব্যাংকিং খাতে ব্যবহৃত স্মার্টকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনের খরচ কমায় গ্রাহকদের ওপর বাড়তি চার্জ কমবে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবায় উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে মোবাইল সিমের ওপর থাকা ৩০০ টাকার কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, যা কার্যকর হলে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার, কিন্তু সাধারণ মানুষের জন্য মোবাইল সংযোগ ও ইন্টারনেট আরও সাশ্রয়ী হবে।
উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর
ডিজিটাল অর্থনীতির বিকাশে ফ্রিল্যান্সার, নতুন স্টার্টআপ, উদ্ভাবনী প্রযুক্তি ব্যবসায় যুক্ত উদ্যোক্তাদের ভ্যাট থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের আয়কে শতভাগ করমুক্ত ঘোষণা করা হয়েছে।
চিকিৎসা ও মানবিক খাতে বড় সুখবর
স্বাস্থ্যখাতের খরচ কমাতে এবারের বাজেটে বেশ কিছু মানবিক ও সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিডনি রোগীদের দীর্ঘদিনের দাবি মেনে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে শুল্ক কম করায় প্রতিবার ডায়ালাইসিসে রোগীদের খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমে আসবে।
বিশ্বমানের ক্যানসার প্রতিরোধী ওষুধ দেশে তৈরির সুবিধার্থে নতুন ৯টি উপকরণের আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করা হয়েছে। হৃদরোগীদের ব্যবহৃত স্টেন্টের (রিং) দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণে ১৫টি সহায়ক পণ্যের অগ্রিম আয়কর ১ শতাংশ কমানোর প্রস্তাব রাখা হয়েছে।
কৃষি ও পরিবেশবান্ধব জ্বালানিতে বিশেষ নজর
কৃষিকাজের ব্যয় কমাতে কীটনাশক ও বালাইনাশক তৈরির ৩৬টি কাঁচামাল আমদানিতে মূসক (ভ্যাট) শূন্য করা হয়েছে, যার সুবাদে সারের দাম কমবে। কমবে ভেটেরিনারি ওষুধ, পোলট্রি ও ডেইরি শিল্পের খাদ্য উৎপাদন খরচও। অন্যদিকে, পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ রেয়াত। সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে আগামী ২০৩১ সালের জুন পর্যন্ত সব ধরনের শুল্ক সম্পূর্ণ শূন্য রাখার পাশাপাশি সৌরবিদ্যুতের বিল পরিশোধে গ্রাহকদের ৫ শতাংশ কর ছাড় দেওয়া হবে।
এছাড়া জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি (EV) ও এর যন্ত্রাংশসহ স্থানীয়ভাবে তৈরি ইলেকট্রিক বাস ও ট্রাকের দামও কমতে যাচ্ছে এবারের বাজেটের কল্যাণে।












































