শনিবার । জুন ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ জুন ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী


Azam-Khan

সংগৃহীত ছবি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। শনিবার রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জিয়াউর রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনা জাতিকে সংগঠিত করতে সহায়তা করেছিল। তিনি দাবি করেন, তেলিয়াপাড়া সম্মেলনে জিয়াউর রহমানের প্রস্তাবেই যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ নির্ধারণ এবং সেক্টরভিত্তিক যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়, যা মুক্তিযুদ্ধকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখে।

আহমেদ আযম খান বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান দেশকে সামরিক শাসন থেকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন সাদাসিধে ও মিতব্যয়ী জীবনযাপনের অনুসারী। কৃষি ও গ্রামীণ উন্নয়নকে তিনি জাতীয় অগ্রগতির ভিত্তি হিসেবে বিবেচনা করতেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন।

মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের অবকাঠামোগত উন্নয়ন, মিলনায়তন সংস্কার, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ২০ তলা ভবন নির্মাণ এবং বেদখল হওয়া মুক্তিযোদ্ধাদের সম্পত্তি উদ্ধারে আইনি উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

আলোচনাসভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।