শনিবার । জুন ৬, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৬ জুন ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
শেয়ার

৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, ১৪ জুন কক্সবাজারে উদ্বোধন


এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর একটি বড় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ১৪ জুন কক্সবাজারের দুলহাজরায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিকল্পনা অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের মাটির ধরন ও পরিবেশ অনুযায়ী উপযুক্ত গাছ নির্বাচন করে রোপণ করা হবে, যাতে গাছের বেঁচে থাকার হার বাড়ে এবং পরিবেশগত উপকার নিশ্চিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বলেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। তাই স্থানীয় পরিবেশ বিবেচনায় নিয়ে গাছ নির্বাচন করেই বৃক্ষরোপণ করতে হবে। এতে প্রকল্পটি আরও কার্যকর হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। আগে নির্দিষ্ট সময়ে নিয়মিত বৃষ্টিপাত হলেও এখন সেই চিত্র বদলে গেছে। বনভূমি ও গাছপালা কমে যাওয়াও এর একটি বড় কারণ।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

সরকারের লক্ষ্য, এই পাঁচ বছরের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশের পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।