শনিবার । জুন ৬, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৬ জুন ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর ঢাবি শিক্ষক


dipti-choudhury

উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব

শুভ পরিণয় সম্পন্ন হলো দেশের জনপ্রিয় ও আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর। গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজধানী ঢাকার বাংলা মটরের একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির বরের নাম মুশতাক ইবনে আইয়ুব। জীবনের নতুন এই ইনিংস শুরু করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে জানান, অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের আকদ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই বড় পরিসরে ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে তারা নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উপস্থাপিকা দীপ্তির জীবনসঙ্গী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর (সহযোগী অধ্যাপক) হিসেবে অত্যন্ত সফলতার সাথে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন চলাকালীন সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর ‘টু দ্য পয়েন্ট’ টকশো-তে উপস্থাপনা করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন দীপ্তি চৌধুরী। লাইভ অনুষ্ঠান চলাকালীন সাবেক বিতর্কিত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তিকে ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছিলেন। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং সাবেক বিচারপতির এমন উগ্র আচরণের তীব্র নিন্দা জানায় পুরো দেশবাসী।

উত্তেজনাপূর্ণ সেই টকশোতে সাবেক বিচারপতির অন্যায্য ও চরম অপমানজনক মন্তব্যের মুখেও দীপ্তি চৌধুরী যেভাবে অসীম ধৈর্য, পেশাদারিত্ব এবং সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা প্রশংসিত হয়েছিল সর্বমহলে। ভিডিওটিতে দেখা যায়, দীপ্তি নিজেকে ‘মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ উল্লেখ করে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় ভাষায় বিচারপতি মানিকের বক্তব্যের বলিষ্ঠ প্রতিবাদ করেছিলেন।

দীপ্তির সেই তেজদীপ্ত এবং যৌক্তিক প্রতিবাদ তৎকালে চলমান জুলাই আন্দোলনকেও দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে তিনি চ্যানেল আইয়ের অত্যন্ত জনপ্রিয় টকশো ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠান সফলতার সাথে উপস্থাপনা করছেন।