শুক্রবার । জুন ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

হজ শেষে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ হাজি, ৪৬ জনের মৃত্যু


hajj

ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৭১টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। আজ শুক্রবার (৫ জুন) পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট কার্যক্রম বর্তমানে পুরোদমে চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত এই প্রত্যাবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। অন্যদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৪৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন এবং মদিনায় ১১ জন ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২৬ হাজার ৩৬৬ জন। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করেছে ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনস ১১ হাজার ৩৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ছেড়েছেন আরও ৬৮২ জন হজযাত্রী।

উল্লেখ্য, এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনেরও বেশি হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও নানাবিধ সেবাদান কার্যক্রমও সমানতালে অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৩১২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজার ৭১০টি সেবা দেওয়া হয়েছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত মোট ২৬২ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৪ জন হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।