শুক্রবার । জুন ৫, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৫ জুন ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

পদোন্নতি না পাওয়ায় অবসরের আবেদন করলেন ভারপ্রাপ্ত সিআইডি প্রধান


Ali akbar khan

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান এবং ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেছেন। পদোন্নতির সাম্প্রতিক তালিকায় নিজের নাম না থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুরের আবেদন জমা দেন।

এর আগে একই দিনে সরকারের এক প্রজ্ঞাপনে পুলিশের পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি পদে উন্নীত করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আলী আকবর খানের ব্যাচের দুজন এবং অপেক্ষাকৃত জুনিয়র ব্যাচের তিনজন কর্মকর্তা রয়েছেন। তবে ওই তালিকায় তার নাম না থাকায় প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।

আবেদনে আলী আকবর খান উল্লেখ করেন, কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি বঞ্চনার মুখোমুখি হয়েছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর দায়িত্বে আসা সরকারের সময় তাকে প্রথমে ওএসডি করা হয় এবং পরবর্তীতে চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় কর্মজীবনের বাইরে থাকার পর ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পুনরায় চাকরিতে ফিরতে সক্ষম হন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক পদোন্নতির তালিকায় নাম না থাকায় তিনি আবারও বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছেন। এ পরিস্থিতিতে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার চেয়ে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসরে যাওয়াকেই তিনি অধিক উপযুক্ত মনে করছেন।

আবেদনে আগামী ২ জুলাই ২০২৬ থেকে অবসর কার্যকরের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ওই তারিখ থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুরের আবেদনও করেছেন তিনি।

এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে আলী আকবর খানের আবেদন যথাযথ প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে সরকারি চাকরি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।