বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ জুন ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না: মির্জা ফখরুল


Mirza-Fakhrul

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দলটি দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কোনো ধরনের বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে চায়।

বৃহস্পতিবার রাজধানীর পিআইবিতে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে জামায়াতের উত্থান নিয়ে আলোচনা হলেও ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নিয়েছে। তার মতে, উদার গণতান্ত্রিক আদর্শের কারণেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার মূল চেতনা ও জাতীয় পরিচয়কে শক্তিশালী করার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করছে। এ প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের কথাও তুলে ধরেন তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের যুদ্ধের ভয়াবহতা তিনি কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এবং পাকিস্তানি বাহিনীর নৃশংসতা কখনো ভোলার নয়। একইসঙ্গে তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জিয়াউর রহমান দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতীয় পরিচয়ের বোধ জাগিয়ে তুলেছিলেন।

সভায় জিয়াউর রহমানকে দেশপ্রেমিক নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের প্রতিফলন বর্তমানে তারেক রহমানের বিভিন্ন বক্তব্য ও কর্মসূচির মধ্যেও দেখা যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন গবেষক, অর্থনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকরা অংশ নিয়ে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ও রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা করেন।