
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খান ।। ছবি: সংগৃহীত
দেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনারের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।
একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান, মো. নাফিজ আল তারিক। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাদেরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পুঁজিবাজার-১ শাখা উপ সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
মাসুদ খান ২০১৯ সালের এপ্রিল থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পাশাপাশি ক্রাউন সিমেন্ট গ্রুপের বোর্ডে প্রধান উপদেষ্টার দায়িত্বও পারণ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাসুদ খানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। তার বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
অন্যদিকে, তিন কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক নিয়োগ পেয়েছেন। তাদেরকেও অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।












































